মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নে দ্বিচারিতা করছে সরকার: তাহসিন রিয়াজ

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার দোহাই দিয়ে জনগণের অধিকার খর্বের একটি সংগঠিত প্রক্রিয়া চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তাহসিন রিয়াজ বলেন, সংসদ সদস্যরা যখন সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলেন; তখন বিষয়গুলো একটি সংগঠিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এই সংগঠিত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

তিনি উদাহরণ হিসেবে আগের শাসনামলের কথা তুলে ধরে বলেন, সেখানে বিভিন্ন ক্রিমিনাল কর্মকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণ সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংগঠিতভাবে হয়েছে।

তিনি দাবি করেন, ওই সময়েও সংবিধান ও সংসদের কাঠামো ব্যবহার করে জনমত ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের ধারায় চলমান রয়েছে এবং আমরা ভোটাধিকার খর্বের একটি দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছি।

তাহসিন রিয়াজ বলেন, এই সময়টিকে দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটময় মুহূর্ত হিসেবে দেখছি। গণআন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নের জন্যই জুলাই বিপ্লবের মতো আন্দোলন সংগঠিত হয়েছে।

 

তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, এই আন্দোলনের লক্ষ্য ছিল মুক্তি এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। তিনি উল্লেখ করেন, নতুন বাংলাদেশ বলতে ১৯৭১ সালের স্বাধীনতাকে অস্বীকার করা নয়, বরং সেই চেতনা ও স্পিরিটকে বাস্তবায়ন করতে না পারার কারণে নতুন করে পথ খোঁজার প্রয়াস।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, যা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেই আজ নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে। জুলাই আন্দোলন সেই জনআকাঙ্ক্ষার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হয় এবং সেটি রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিফলিত হয়। ইরানের বিপ্লব-পরবর্তী বিভিন্ন গণভোটের কথা বলা যায়, যেখানে ধারাবাহিকভাবে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনরায় সংসদ সদস্যদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। এই বিষয়ে সাংবিধানিক ব্যাখ্যার পরিবর্তে ঐতিহাসিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বোঝার আহ্বান জানাই।

তাহসিন রিয়াজ বলেন, গণমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে দ্বিচারিতা দেখা যায়। কেউ আগে এক কথা বলে পরে ভিন্ন কথা বললে সেটি জনসম্মুখে আসা উচিত এবং সেটির জবাবদিহিতা থাকা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে জনরায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD