পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নারিকেল চুরিকে কেন্দ্র করে রেজাউল করিম ঝন্টু (৪৫) নামের একজন ব্যক্তি খুন হয়েছেন। নিহত ঝন্টু উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা এবং আইউব আলী খলিফার ছেলে। স্থানীয় সূত্র ও ভাণ্ডারিয়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বেশ কয়েকটি নারিকেল পাড়েন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। এ ঘটনায় নিহত ঝন্টুর আত্মীয় ও হালিম প্রফেসরের ছেলে মাসুদ ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি বিষয়টি ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। তবে রুবেল তার কথায় কর্ণপাত না করে উল্টো হুমকি প্রদান করেন। পরদিন ২৯ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৯ টার দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল সেখানে উপস্থিত হয়ে পূর্ব রিকল্পিতভাবে তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে ঝন্টুর শরীরে একাধিক আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার তাকে মৃত ঘোষণা করেন। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।









