বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান শিল্পী আসিফ আকবর বলেছেন, জেলা ক্রীড়া সংস্থার বাইরে প্রতিটি জেলায় আলাদা জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। তিনি আরও জানান, শিগগিরই সব জেলায় ক্রিকেট লিগ শুরু করা হবে এবং খেলোয়াড়দের মানসম্মত সরঞ্জাম নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড় স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পের অংশ হিসেবে জেলা ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরও ক্রিকেটের মূলধারায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল ক্রিকেটারদের প্রথমবারের মতো ডাটাবেস তৈরির কাজ শুরু হয়েছে।
তিনি জানান, দেশের বিপুল সংখ্যক তরুণ মাদক ও বেকারত্বের ঝুঁকিতে রয়েছে—তাদের খেলাধুলায় যুক্ত করতে ক্লাস ফোর থেকেই পরিকল্পনা শুরু করা হয়েছে। নারীদের জন্য বিশেষ সুবিধা ও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম ও আম্পায়ার সাকির। জেলা ক্রীড়া সংস্থার মেম্বার সেক্রেটারি আবুল হাসেম সভাপতিত্ব করেন। মতবিনিময় শেষে আসিফ আকবর ‘সাবাস বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন।









