
সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিয়মিত ক্ষতিপূরণ প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের আওতাধীন এলাকায় দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চেক প্রদান করা হয়েছে।
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত এ ক্ষতিপূরণের চেক আজ পাঁচটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়িয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে নিহত পরিবারের সদস্যরা সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে বলে মন্তব্য করেন।









