ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামিক করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি নিচতলায় দলীয় অফিসে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এসময় আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার পরিকল্পনা ছিল তাদের। এর মাঝেই পুলিশ এসে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।









