শুক্রবার | ১৭ জুলাই, ২০২৬ | ২ শ্রাবণ, ১৪৩৩

ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, অতীতে ঝালকাঠির উন্নয়ন প্রকল্পগুলো পিরোজপুরের সঙ্গে যুক্ত থাকায় জেলা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এখন ঝালকাঠির জন্য পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জেলার গ্রামগঞ্জে সড়ক, কাঁচা রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন ও সহায়তা বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঝালকাঠির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঝালকাঠিতে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’ বা সাংস্কৃতিক পল্লী নির্মাণে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, ঝালকাঠিতে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে এবং এটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত হয়েছে। এই কমপ্লেক্স নির্মিত হলে তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, তারা মাদক থেকে দূরে থাকবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারবে। পাশাপাশি এখানে প্রশিক্ষক নিয়োগসহ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, কেওড়া ইউনিয়নের সারেঙ্গল বাজার নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে এবং বাজার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঝালকাঠি সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রমও এগিয়ে চলছে।

সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ, কৃষকদের মাঝে চারা, বীজ ও কৃষি উপকরণ বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আককাস সিকদার উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD