চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৫ ডিসেম্বর আনুমানিক রাত ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রাম হতে ০২ জন ভারতীয় গরু চোরাকারবারী ও তাদের ০১ জন বাংলাদেশী সহযোগী’কে আটক করে।আটককৃতরা হলেন, ভারতের মালদা জেলার বৈষ্ণবননগর থানাধীন পার বৈদ্যনাথপুর গ্রামের নইমুদ্দিন শেখের ছেলে মোঃ আব্দুল কাদির (৩০), আরেকজন হচ্চে একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন(৩৪)। এছাড়াও তৃতীয় ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ মারুফ (১৭)। গত ৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে দুইজন ভারতীয় গরু চোরাকারবারি কাটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয় চোরাকারবারি মোঃ ফজেলের কাছে গরু হস্তান্তর করে। ভোর হয়ে যাওয়ায় ও বিজিবির টহল বাড়ায় তারা ফিরতে না পেরে ০৪ ডিসেম্বর পদ্মার দুর্গম চরে লুকিয়ে থাকে। পরে সহযোগী মোঃ মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করে। আটক ভারতীয় চোরাকারবারি ও তাদের বাংলাদেশি সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি বিশেষ তথ্যের ভিত্তিতে আজ ০৬ ডিসেম্বর হাকিমপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শাহাজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে। বিজিবি আনুমানিক রাত ৪ টায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ তৈমুর রহমানের ছেলে মোঃ রজদুল (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে মোঃ শাকিল (৩২) সহ ০৪টি ভারতীয় গরু, ০১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হন। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরু, মোটরসাইকেল ও মোবাইল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। যার আনুমানিক সিজার মূল্য ০৭ (সাত) লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।









