রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

ফিকি’র সভাপতি হলেন রুপালী হক চৌধুরী

স্টাফ রিপোর্টার

ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী।

এ ছাড়া, জৈষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নেসলে বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউক্রেমা এবং সহসভাপতি হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী।

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ফিকি’র ৬২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়।

ফিকির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন রুপালী হক চৌধুরী। ১৫ সদস্যের নতুন বোর্ড ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন। বর্তমান বোর্ডের কার্যকাল শেষ হবে এ বছরের ৩১ ডিসেম্বর।

নবনির্বাচিত সভাপতি রুপালী হক চৌধুরী জানান, ফিকি’র সভাপতি হিসাবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক। চেম্বারের সদস্য কোম্পানির প্রতিনিধিদের প্রতি আমার ওপর তাদের বিশ্বাস ও আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদেশী বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখার লক্ষ্যে ফিকিকে আরো শক্তিশালী ভূমিকা পালনে আমি বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, গত দুবছরে ফিকিকে যে নেতৃত্ব দিয়েছেন তার জন্য আমি জাভেদ আখতারকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন পরিচালনা পর্ষদ, সদস্য কোম্পানি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নীতি সংস্কার এবং ভবিষ্যত প্রস্তুতি, প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।

বিদায়ী সভাপতি জাভেদ আখতার পরিচালনা পর্ষদ এবং ফিকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত দুই বছর ফিকি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় আমরা একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নিয়েছি, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশী বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে।

তিনি আরো বলেন, বার্ষিক সাধারণ সভা শুধু বছরের সমাপ্তি নয়, বরং ফিকির দীর্ঘ পথচলার সফলতারও উদযাপন। নতুন সভাপতি, জৈষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতিসহ আমাদের পরিচালনা পর্ষদের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্ব সরকারের সঙ্গে অংশীদারত্ব আরো গভীর করবে এবং বাংলাদেশকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে আরো সমৃদ্ধ করবে।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, আমি সম্পূর্ণ আস্থার সঙ্গে দায়িত্ব হস্তান্তর করছি রুপালী হক চৌধুরী কাছে। নতুন বোর্ডকে অগ্রিম শুভেচ্ছা, তাদের নেতৃত্বে ফিকি আরো এগিয়ে যাবে।

বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত ও বিদায়ী বোর্ড সদস্যসহ ফিকির সদস্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD