ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্তে বলা হয়েছে, প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, নির্বাচনী পর্যবেক্ষক ও সাংবাদিক, ভোটার নির্দিষ্ট শর্তে মোবাইল ব্যবহার করতে পারবে, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এরইমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সহকারী সিনিয়র সচিব মো.শহিদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত জারি করা নির্দেশনা জারি করে।
এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন:
(ক) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার;
(খ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ;
(গ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য;
(ঘ) ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ এবং ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসরণে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশী ও বিদেশী যথাক্রমে সাংবাদিক ও পর্যবেক্ষকগণ; এবং
(ঙ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট এবং ভোটার।
এতে আরো বলা হয়েছে, ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর অপরাপর সদস্য (খ ও গ-এ বর্ণিত ব্যক্তি ব্যতিত) ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।









