মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না: ইসি সচিব

স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। স্বীকার করছি ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয় নাই। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর হয়েছে তাদেরই ভোটার করা হয়েছে।’

ইসি সচিব বলেন, ২৯৯ আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন কেন্দ্রে। সাংবাদিকেরা সৎ তথ্যের ব্যবহার করবেন। তবে অপতথ্য যেন প্রচার না হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় নির্বাচন কমিশন। সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের জন্য এই মিডিয়া সেন্টার।

আখতার আহমেদ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার পোস্টাল ভোটের দায়িত্বে থাকবে। পোস্টাল ব্যালট গণনায় সময় বেশি লাগতে পারে। তবে সব কেন্দ্রের ফল ও ব্যালট গণনায় যে সময় লাগবে সেটা দিতে হবে। ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না।’

আসন্ন নির্বাচনে দুই ধরনের ব্যালটে ভোট গ্রহণ করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, একটি ব্যালটের মাধ্যমে আগামী পাঁচ বছরের সরকার নির্ধারিত হবে আর অন্য ব্যালটের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণ করা হবে। এই দুটি প্রক্রিয়া একসঙ্গে পরিচালনা করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হলেও ধাপে ধাপে তা মোকাবিলা করা হয়েছে।

তিনি জানান, ২৯৯ আসনের মধ্যে একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত করা হয়েছে। ওই আসনে পরবর্তীতে ভোট অনুষ্ঠিত হবে।

বিদেশি সংবাদকর্মীদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে। সংবাদকর্মীদের যাতায়াত ও কাজের সুবিধার্থে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সবশেষে তিনি বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য একটাই, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন আয়োজন করা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD