শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত ইসলামীর

স্টাফ রিপোর্টার

আসন্ন ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি দেশবাসীকে এ আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির বলেন, ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবের দিন। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে দেশের ছাত্র ও যুবসমাজ ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠী মিছিলের ওপর গুলি চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে প্রাণ হারান। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।

তিনি আরো বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এটি ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সব স্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা জরুরি। ভাষা ও সংস্কৃতির সম্প্রসারণ ও সুরক্ষায় সবাইকে সচেষ্ট হতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি মনে করেন।

বিবৃতিতে জামায়াতের আমির উল্লেখ করেন, এমন এক সময়ে দেশ ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের সহযোগীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব চক্রান্ত মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা হলো নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। একই সঙ্গে জনগণ যেন জানমাল ও ইজ্জত আব্রুর নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD