রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং খান জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট লায়ন্স আঃ রাজ্জাক খানের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর এই মৃত্যুতে পুরো কালুখালী ও রাজবাড়ী জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঢাকার পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় কালুখালী রতনদিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষ এই জানাজায় অংশ নেন।
জানাজা নামাজের পূর্বে মরহুমের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি,সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম; জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ,জেলা পরিষদের প্রশাসক আঃ সালাম মিয়া; কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান রোমান প্রমূখ। জিল্লুর রহমান, আজমির হোসেন ,আলমগীর হোসেন সহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহণ করেন ।বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরবর্তীতে মরহুমের গ্রামের বাড়ি বল্লভপুর স্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ধর্মীয় মর্যাদায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।









