বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনামুল হক ইমু ও শামীম ওরফে ‘ইয়াবা শামীম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার দিবাগত গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পরে উপজেলার সোনালী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনামুল হক ইমু পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়ালের ছেলে। অপর আসামি শামীম ওরফে ‘ইয়াবা শামীম’ কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের মজিবুর রহমান মহরারের ছেলে।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমেদ চাঁদাবাজির অভিযোগে পাথরঘাটা থানায় মামলা করেন। ওই মামলায় ইমু ও শামীমকে আসামি করা হয়। ওই মামলার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পাথরঘাটা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সমুদ্র থেকে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার চালান পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ইমুর পরিচালিত ট্রান্সপোর্ট অফিস থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়া গাজা এবং এনামুল হক ইমুর ব্যাক্তিগত অফিস থেকে একটি দেশীয় অস্ত্র ছোড়া উদ্ধার করা হয়। ওই ঘটনার পর ইমু আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, চাঁদাবাজির মামলার তালিকাভুক্ত আসামি এনামুল হক ইমু ও শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, ইমুর পরিচালিত ট্রান্সপোর্ট অফিসে এর আগে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও একটি রামদা উদ্ধার করা হয়েছিল। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।








