বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের বিরুদ্ধে দেশ-বিদেশ থেকে কোনো ষড়যন্ত্র বা প্রচেষ্টা এলে গণতন্ত্রকামী মানুষ তা প্রতিহত করবে।
বলেন, “আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ।”
সোমবার দুপুরে নগরীর টাউনহল মুক্তমঞ্চে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি আনন্দ র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে পৃথক বিশাল র্যালি বের হয়। র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।









