রমজানে নিত্যপণ্যের সঙ্গে খেজুর ও সারা দেশে ছোলা বিক্রি করবে সরকারি বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) টিসিবিতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, টিসিবি কর্তৃক সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের নিকট প্রতিমাসে পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। কার্ডধারী পরিবারের নিকট পণ্য বিক্রয়ের পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩০-৩৫ লাখ সাধারণ ভোক্তার নিকট সারাদেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। রমজান উপলক্ষে নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুর বিক্রি করা হবে।
ট্রাকসেলে পণ্য বিক্রয়ের পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









