শনিবার দ্বিতীয় দফায় নির্বাচনি সমাবেশ করতে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দলের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
বিএনপি চেয়ারম্যানের সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে হেলিকপ্টারে যাবেন তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় ঠাকুগাঁওয়ে, দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে বিএনপির জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রথম দফায় গত ২৯ জানুয়ারি সড়ক পথে উত্তরাঞ্চলে যান তারেক রহমান। ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ, বগুড়া, ৩০ জানুয়ারি রংপুর, ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নির্বাচনি জনসভা করেন তারেক রহমান।
২২ জানুয়ারি সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জে নির্বাচনি প্রচারে যান তারেক রহমান।
এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা, নারায়নগঞ্জ এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর, ঢাকার উত্তরায় নির্বাচনি সমাবেশ করেন তিনি।
গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।
এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে সারাদেশে ২৪ টি নির্বাচনি জনসভা করেছেন। এছাড়া নিজের নির্বাচনি আসন ঢাকা-১৭‘র কড়াইল ও বনানীতে দুই টি নির্বাচনি সমাবেশ করেন তারেক রহমান।









