আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে ঢাকার একটি পাঁচতারা হোটেলে এ বৈঠকে আইসিসির পক্ষ থেকে সশরীরে ছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ এবং অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।
বৈঠকে বিসিবির পক্ষ থেকে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
বৈঠকের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারো আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। এ সময় বিশ্বকাপে বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যমকর্মী আর নানা অংশীজনদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগের কথা আইসিসি কর্মকর্তাদের জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা।
২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির বিপক্ষে। বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে। এর মধ্যে তিনটি কলকাতায়, একটি ম্যাচ মুম্বাইয়ে। ‘বি’ গ্রুপের সবগুলো ম্যাচ শ্রীলংকার মাঠে হবে। বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।









