দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পখাতের সামগ্রিক সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে বিকেএমইএ’র একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরে সংগঠনের নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি পোশাক শিল্পের বিভিন্ন সংকটের চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এলডিসি গ্র্যাজুয়েশন (স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ) পিছিয়ে দেওয়ার উদ্যোগ, বন্ধ কারখানা পুনরায় চালুর প্রচেষ্টা এবং শ্রম আইন পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে বিকেএমইএ নেতারা সচল কারখানাগুলো যেন আর্থিক ও নীতিগত জটিলতার কারণে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বর্তমানে বন্ধ থাকা কারখানাগুলো চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
বিকেএমইএ নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি ব্যাংকিং ও এনবিআর সংশ্লিষ্ট জটিলতাগুলো সুনির্দিষ্টভাবে লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।
বৈঠকে রপ্তানি ঝুড়ি সমৃদ্ধ করতে পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে সিল্ক (রেশম) ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পোশাকের সম্ভাবনা এবং বর্তমান জ্বালানি সংকট নিরসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।
বিকেএমইএ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারওয়ার সোহেল, সহ-সভাপতি মো. শামসুজ্জামান এবং ফকির কামরুজ্জামান নাহিদ।









