হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন ৬৩ শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর বয়স যথাক্রমে ৫ মাস ও ১০ মাস। তারা দুজনেই ছেলে শিশু। হামের লক্ষণ নিয়ে কয়েক দিন আগে তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, গত দেড় মাস ধরে ময়মনসিংহে শিশুদের মধ্যে হামের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্তদের বেশির ভাগই জ্বর, শরীরে র্যাশ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হামের টিকা দেয়া জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৪ জন।









