রাজশাহী নগরীতে পুলিশের ভুয়া পরিচয় দিয়ে নিয়ম ভেঙে জ্বালানি তেল নেয়ার চেষ্টা করায় এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ না করায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার গুল গফুর পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় দিয়ে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে যান। সেখানে অপেক্ষমাণ অন্যদের নিষেধ না মেনে তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বরাদ্দ তেল নেয়ার কথা বলে নিয়ম ভেঙে তেল নিতে এগিয়ে যান।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২ (১) ধারায় এই দণ্ড দেয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি সংকটের কারণে দেশের পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অতিরিক্ত তেল নেয়া, মজুত রাখা, প্রতারণা ও অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত জনস্বার্থে এ কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানান।









