গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩৭টি জীবিত এবং জবাই করা ৮টি ঘোড়া জব্দ করা হয়। তবে প্রধান সন্দেহভাজন শফিকুল ইসলাম (৪৫) পালিয়ে যান।
অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমদ বলেন, “ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এর আগেও অভিযুক্তকে তিনবার জরিমানা করা হয়েছিল, কিন্তু তিনি কাজটি বন্ধ করেননি। এবার তার বিরুদ্ধে নিষিদ্ধ প্রাণী জবাইয়ের অভিযোগে নিয়মিত মামলা করা হয়।”
র্যাব-১-এর পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ঘোড়া জবাই ও মাংস বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের সত্যতা মিললে তৎক্ষণাৎ অভিযান চালানো হয়।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া বেশিরভাগ ঘোড়া ছিল রোগগ্রস্ত। এই মাংস মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।









