জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে হবে বলে জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুর জেলায় খাল খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী এ্যানি। এ সময় খালের কাটা মাটির ওড়া মাথায় তুলে নেন জেলা বিএনপির সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।
এসময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদে প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২.৬ কিলোমিটার সি-খাল পুণ:খননের উদ্যোগ নেয় সরকার। ১৯৭৮ সালে সবশেষ খনন হওয়া খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষি কাজে সুফলভোগী হবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার।









