চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলে গোমস্তাপুর উপজেলার বসনইল গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ জহির আলী (৩০) ও টমপাড়ার এরফান আলীর ছেলে বাইরুল (৪০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের একটি দল গত সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার টমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে জহির আলীর কাছ থেকে ২০ গ্রাম এবং বাইরুল কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা উভয়কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।









