জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) সংবাদ সম্মেলনে পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পরই বিসিবিতে আসেন তামিম ইকবাল। দায়িত্ব পাওয়ার দিনেই এডহক কমিটির সবাইকে সঙ্গে নিয়ে বৈঠক করেন নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানান, বিসিবির হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনতে চান তিনি। পাশাপাশি তিন মাসের জন্য গঠন করা এডহক কমিটির কাজ নির্বাচন দেওয়া সেটাও জানিয়ে দেন। এছাড়া এডহক কমিটিতে থাকলেও নির্বাচন করা সম্ভব সেটাও জানিয়ে দেন তিনি।
বিসিবির সবশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন তামিম ইকবাল। পরবর্তীতে নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সেবার আর নির্বাচন করেননি। এডহক কমিটির মাধ্যমে বিসিবির দায়িত্ব পাওয়া তামিম ইকবালের আছে পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা। তবে প্রশ্ন ছিল এডহক কমিটিতে থেকে নির্বাচনে অংশ নেওয়া যাবে কি না। সেই প্রশ্নের উত্তরে তামিম জানান, নির্বাচন করা যাবে এবং তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিবেন।
তার কথায়, ‘অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি বা ওর ইচ্ছা থাকতে পারে করতে পারে বা উনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে সেখানে খালি আমরা না, যারা যারা ইচ্ছুক আমি সবাইকে অনুরোধ করব যেন সবাই অংশগ্রহণ করেন।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা, ওই পরিবেশটা তৈরি করে দিবো। যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’
গতকাল দায়িত্ব পেয়ে বিসিবিতে বৈঠক করেন এডহক কমিটির সদস্যরা। সবাই স্বশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন না। যারা উপস্থিত থাকতে পারেননি তারা জুমের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন। ওই সভা শেষে তামিম ইকবাল বলেন, ‘আমাদের সমালোচনা থাকবে। আমরা ভালো কাজ করব করব না এটা নিয়ে সমালোচনা থাকবে, সবই থাকবে। কিন্তু আমরা এখানে কেউই চাই না ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে সেই জায়গায় থাক।’
আগের বোর্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘শেষ এক-দেড় বছরে যেই ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের সম্মানের ক্ষতি হয়েছে এই জিনিসটা আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। ক্রিকেটের সম্মানটা ঠিক করা হল আমাদের সবচেয়ে জরুরি কাজ।’
এডহক কমিটির প্রথম সভায় বিসিবির মুখপাত্র হিসেবে তানজিল চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সকল তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়ে দিবেন বলে জানান তামিম ইকবাল।
গতকালকের বোর্ডসভা শেষে তামিম ইকবাল জানান, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তার কথায়, ‘আমরা ভালোর জন্য চেষ্টা করব। শুধু কথার বলার জন্য বলা না। আমরা চেষ্টা করব, আমাদের ভুল হবে। আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।’
অন্যদিকে গতকাল তামিম ইকবালের পাশাপাশি দায়িত্ব নিয়ে কথা বলেন তানজিল চৌধুরী। তিনি জানান প্রথম বোর্ডসভায় বিসিবির কাগজপত্রের স্বাক্ষরী পরিবর্তন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত আসেনি বিসিবির বোর্ডসভা থেকে। আজ সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় বোর্ডসভায় বসবে বিসিবি, সেখানে স্ট্যান্ডিং কমিটি করে সকলকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এরপরেই কাজ শুরু করবে বিসিবির এডহক কমিটি। এছাড়া আইসিসিতে প্রতিনিধি পরিবর্তনের কাজটিও করা হয়েছে গতকালকের বোর্ডসভায়।
এ নিয়ে তানজিল চৌধুরী বলেন, ‘আইসিসি এবং এসিসিতে আমাদের ক্রিকেট বোর্ড থেকে প্রতিনিধিত্ব থাকে। মূলত ঐতিহ্যগতভাবে সভাপতি মহোদয় অংশগ্রহণ করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবালকে আমরা মনোনীত করেছি। এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছে, এখানে সিইও থাকলে ভালো হয় এক্স অফিসিও পজিশন। তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি।’









