সোমবার | ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩

কালুখালী

দৈনিক চিত্রে সংবাদ প্রকাশের পর ঘুষ কাণ্ডে ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি

জুয়েল সর্দার

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে বসেই সেবাগ্রহীতার কাছ থেকে অনৈতিক সুবিধা (ঘুষ) গ্রহণের অভিযোগ ওঠা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

গত ৪ আগস্ট দৈনিক চিত্রসহ সহ বিভিন্ন গণমাধ্যমে কালুখালী ইউএনও অফিসে বসে আফরোজা চৌধুরীর ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিজের অফিস কক্ষে টেবিলে বসেই তিনি এক ব্যক্তির কাছ থেকে অনৈতিকভাবে টাকা গ্রহণ করে ব্যাগে রাখছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ সেবাপ্রার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সংবাদ প্রকাশের পরপরই জেলা প্রশাসন থেকে উক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসক এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠান।

জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতেই এ শাস্তিমূলক বদলির আদেশ জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সোমবার (০৭ সেপ্টেম্বর ) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মোঃ শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে আরও জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল (কালুখালী) হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে (চরভদ্রাসন) যোগদান করবেন। অন্যথায় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD