কৃষকদের জন্য সরকারি সেবা সহজ ও দ্রুত প্রাপ্তি নিশ্চিত করতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান। এ উদ্যোগকে কৃষকদের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন নবীসহ পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, পঞ্চগড় আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কৃষকবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১৫ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড ও একটি করে গাছ তুলে দেন প্রধান অতিথি। এ সময় কৃষকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইতিহাস ও বাস্তবতার আলোকে কৃষির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একসময় মানুষ ছিল যাযাবর কিন্তু যখন মানুষ প্রথম একটি বীজ বপন করে, সেই মুহূর্ত থেকেই মানব সভ্যতার পথ বদলে যায়। কৃষির সূচনাই মানুষকে স্থায়ী বসতি, সমাজ ও সভ্যতার দিকে এগিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা নেই, যার সূচনা কৃষিকে কেন্দ্র করে হয়নি। কৃষকের সঙ্গে মাটির সম্পর্ক যেমন চিরন্তন, তেমনি কৃষির সঙ্গে সভ্যতার সম্পর্কও অবিচ্ছেদ্য। তাই কৃষক ও কৃষিপণ্য ছাড়া কোনো দেশই টিকে থাকতে পারে না।
তিনি ১৯৪৬ সালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের তেভাগা আন্দোলনসহ বিভিন্ন কৃষক আন্দোলনের উদাহরণ তুলে ধরে বলেন, এসব আন্দোলনের মধ্য দিয়েই কৃষকরা তাদের ন্যায্য অধিকার আদায় করেছে।
তিনি বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতেই আজকের এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের আশা, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
এর আগে বেলা ১১টায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান,যা সরাসরি প্রজেক্টর এর মাধ্যমে ভার্চুয়ালি সম্প্রচার করা হয় এবং অধীর আগ্রহ ও মনোযোগ সহকারে উদ্বোধন অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত সকলে।









