বগুড়ার শেরপুর উপজেলায় মাইক্রোবাস দুর্ঘটনায় চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। গাড়িতে থাকা ব্যক্তিরা ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
স্থানীয়রা বলছেন, মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কে রোড ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি।
উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় আজ সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭), যাত্রী শিউলী বেগম (৪৮) ও তায়েবা খাতুন (৩৫)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ সদস্যরা।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরমুখী একটি মাইক্রোবাস ছোনকা এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। আর গাড়িতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজন ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা বেশ গুরুতর ছিল।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যায়। এতে মোট তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।









