“হাত বাড়িয়ে দাও” সংগঠনের প্রেসিডেন্ট সোমা তাহেরা চৌধুরীর উদ্যোগে আজ দুস্থ, অসুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ৪১ ব্যক্তির মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় ‘ছায়াতল বাংলাদেশ’ প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জুলকার নায়ন,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিউর রহমান, জাহাঙ্গীর কবীর, শিপ্রা সরকার এবং ছায়াতল বাংলাদেশের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। এই অনুষ্ঠানটি আলোকিত করেছেন চব্বিশের জুলাইয়ের চার আহত যোদ্ধা হবিগঞ্জের শাহিনুর, চাঁদপুরের ফরহাদ, বরিশালের রায়হান এবং রহমতউল্লাহ। শাহিনুর তাঁর বক্তব্যে বলেন যে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে তাঁদের অঙ্গহানি হয়েছে, তাঁরা তাদের জীবন দিতে প্রস্তুত ছিলেন।
সংগঠনের প্রেসিডেন্ট সোমা তাহেরা চৌধুরী তার বক্তব্যে বলেন, “সরকারের এই সময়োপযোগী সহযোগিতা আমাদের হতদরিদ্র অসুস্থ ও প্রতিবন্ধী ভাই-বোনদের মাঝে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানে প্রধান অতিথি মো.জুলকার নায়ন সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, “কাউকে পেছনে ফেলে নয়, এই মূলমন্ত্রে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”
ছায়াতল বাংলাদেশের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ভবিষ্যতেও এমন সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সফল করতে ছায়াতল বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব সোহেল রানা সহ স্বেচ্ছাসেবকবৃন্দ এবং শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের উদ্যম অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।









