নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব।
তিনি জানান, গত ২৬ মে রাতে বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দ কাছুটিয়া এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা সেখানে দায়িত্বরত ৪ জন নিরাপত্তা প্রহরীকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে রাখে।
পরবর্তীতে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকার ইলেকট্রনিক সরঞ্জাম ও ব্যাটারি লুট করে একটি ট্রাকে করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় সিগনি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর নাটোর জেলা গোয়েন্দা পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নাটোরসহ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রুহুল আমিন ও সৈকত নামের দুইজন এই ডাকাতির মূল সমন্বয়ক। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কারাগারে বসেই এই ডাকাতির পরিকল্পনা করে।
অভিযানে ৩৫০টি ব্যাটারি সেল, ডাকাতিতে ব্যবহৃত ট্রাক, ১০টি মোবাইল ফোন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতাররা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।









