চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে পৌর এলাকার এরশাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন এবং নওদা বন্ডবিল গ্রামের ঠান্ডুর রহমানের ছেলে তারিফ হাসান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হারদী ক্যাম্পের সেনাবাহিনী ও থানা পুলিশের একটি যৌথ দল ভোরে এরশাদপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় স্থানীয় রুহুল আমিনের বাড়ি থেকে একটি ০.২২ রাইফেল, একটি রাইফেলের বডি, একটি রাইফেল স্কোপ ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় রুহুল আমিন ও তারিফ হাসান নামের দুই যুবককে আটক করা হয়।’
তিনি আরও জানান, পরে আগ্নেয়াস্ত্রসহ আটকদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই নিয়ামুল বাদী হয়ে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে তাদের আদালতে পাঠানো হয়।









