ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিন। রবিবার (৩১ আগস্ট) সকালে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এডভোকেট মতিন বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করে যাচ্ছি।”* তিনি আরও বলেন, ২০১৩ সালে বার কাউন্সিলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আইন অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনগরসহ এ অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। আমার লক্ষ্য নবীনগরকে একটি আধুনিক স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা।”
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, এস এ রুবেল, শাহনুর খান আলমগীর, তানজিনা আক্তার শিলা, পিয়াল হাসান রিয়াজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
–








