বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করছেন।

সোমবার (২৭ জুলাই) ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দাগনভূঞা অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন, জলাবদ্ধতা এবং সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার কারণে এ অঞ্চলে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। সরকার পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধানে কাজ করছে।

তিনি জানান, নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের লক্ষ্যে মুসাপুর রেগুলেটর ও ক্লোজার প্রকল্প আগামী একনেক (ইসিএনইসি) সভায় উপস্থাপন করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় মন্ত্রী স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে দুপুরে দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন পরিবেশমন্ত্রী। সভায় চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, এলজিইডির প্রকৌশলী মাছুম বিল্লাহ, ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, বিআরডিবির চেয়ারম্যান নজির আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিশিষ্টজন।

এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, বিএনপি নেতা হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, হাজি রফিকুল ইসলাম, মাহবুবুল হক রিপন, কামরুল উদ্দিন ও নুরুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মৎস্যচাষিদের মধ্যে মাছের পোনা এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD