মানিকগঞ্জের সিংগাইরে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন। রায়ে একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া ও বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি।
মামলার তথ্য অনুযায়ী, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালোবাইক চালিয়ে পরিবারকে সহযোগিতা করতেন।
২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি সোহান। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় তার হ্যালোবাইক ও মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।
জেডএম









