শুক্রবার | ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

চাঁদপুর

চাঁদপুরে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

আব্দুল্লাহ আল মামুন

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চাঁদপুরে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার নির্দেশনায় চলা এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সরকার এ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঢাকায় প্রধানমন্ত্রী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। চাঁদপুরে বড় পর্দা বা প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। উদ্বোধন শেষে স্থানীয়ভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন মাস প্রতি শনিবার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজ নিজ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম চলবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ, সভা ও বিভিন্ন প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে।

অভিযানের সময় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া জেলার প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে কার্য-এলাকা ভাগ করে সপ্তাহভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। শিক্ষা অফিসের সমন্বয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণ ও প্রয়োজন অনুযায়ী আশপাশের এলাকাতেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

জনসম্পৃক্ততা বাড়াতে প্রতি শনিবারের অভিযানে স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটি, ব্যবসায়ী সমিতি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আমরা নিয়মিতভাবে প্রতি শনিবার করে থাকি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি-বেসরকারি সব অফিসকে নিজ নিজ কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক- শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি উপজেলা ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে জানানো হয়েছে।’

জেলা প্রশাসক আরও বলেন, চাঁদপুর পৌরসভাকে পৌর এলাকার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ‘ক্লিন চাঁদপুর’-সহ বিভিন্ন সংগঠনকেও নিজ নিজ অবস্থান থেকে এ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি কার্যক্রমের ছবি ও ভিডিওসহ অগ্রগতি জানাতে বলা হয়েছে।

জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠান, মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তর এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করবেন। নির্ধারিত ছক অনুযায়ী প্রতি মাসের ৫ তারিখের মধ্যে কর্মসূচির বাস্তবায়ন প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD