ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পরিচালনার কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব উত্থাপনের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।









