বুধবার | ২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ময়মনসিংহে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ রোগী

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালটিতে রোগীর চাপও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আরও ১৯ জন রোগী ভর্তি হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ (১৪) নামে এক কিশোর। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়নুদ্দিনের ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ২৭ জুলাই আরিফকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। চলতি মৌসুমে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৪৫৬ জন রোগী। এর মধ্যে মারা গেছেন ৬ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই রোগী বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রাখা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত রাখতে হাসপাতাল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD